তাঁহার প্রতি

 পাড়াগাঁর কোনো এক দুপুরে, 

হয়তো আমের বোলের গন্ধে 

স্বপ্নমেদুর চরাচর তখন। 

হয়তো রেডিওয় বা টিভিতে, 

বা কমরেড কাকুর বাজানো ক্যাসেটে, 

যে কণ্ঠ সদ্য ছুঁয়েছিল এক কিশোরীর মন; 

আবার বছর কুড়ি পরে বারবার শুনি তারই অনুরণন।  

 

যে কণ্ঠ অনুপ্রেরণার আকর হয়ে,

'এক গাঁয়ে'র 'সেই মেয়ে'কে 

'পথের বাঁধন' ছিঁড়ে 'বিদ্রোহী' হতে ইশারা করেছে;

যে স্বরে সে খুঁজেছে তার 'প্রিয় জয়দ্বীপ'কে 

বনলতার অব্যক্ত কন্যাশ্লোকে বারেবারে - 

 নির্ঝরের স্বপ্নভঙ্গে,নির্জন স্বাক্ষরে -

 মননে,  চৈতন্যে, অহংকারের অন্ধকারে।  


হে মহিয়সী,  

তোমার চেতনা দাও,

দাও তোমার কাব্যপ্রেমের আপোষহীন জ্ঞানতপস্যা, 

সৃজনশীলতার  আভরণ। 

তোমার প্রজ্ঞার বিচ্ছুরণে 

যেন আমাদেরও  ঘটে কিঞ্চিৎ উত্তরণ।

Comments