এতদিন সবই ছিল সংখ্যামাত্র,
এবার ক্রমশ নিঃশ্বাস শুনি।
অথচ এতকিছু কি সত্যিই হবার ছিল?
হয়তো হবারই ছিল!
তবু ঢাল ছিল,
তলোয়ার ছিল
বিনা যুদ্ধে হারার কোনো কারণ ছিল না।
এক বছর আগেই হানা দিয়েছিল তারা।
সেবার ওরা পারেনি, কোনোমতে ফস্কে গিয়েছিল।
সবাই জানত আবার আসবে কোমর বেঁধে।
সে ইঙ্গিতও ছিল।
শুধু রাজা প্রমোদে ব্যস্ত ছিল।
রাজা থাকে অদৃশ্যে,
চারিদিকে অগণিত চামচার ভিড়।
রাজা দশভূজ দশানন।
মন্ত্রিসভা আছে বটে,
তবে তাদের কোনো কাজ নেই।
তারা গোমূত্রে নিমজ্জমান।
মাঝে মাঝে মুখ তুলে হ্যাঁ তে হ্যাঁ দেয়,
দিয়ে আবার করে গোমূত্রে অবগাহন।
অতীতের সেই শিশুটিকে খোজো আজ।
যে সেবার বলেছিল
'রাজা তোর কাপড় কই?'
সেই শিশুটি আজো আছে।
যে রাজাকে প্রমোদালয় থেকে
টেনে বের করে বলবে,
'রাজা! পায়জামা পরো।
এবার শক্ত হও।
উঠে দাঁড়াও।
প্রমোদ ছেড়ে অস্ত্র ধরো।
সেনাবাহিনীর পাশে দাঁড়াও।'
Comments
Post a Comment